ভোলা প্রতিনিধি।।ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে চাঁদার দাবিকে কেন্দ্র করে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তির ওপর হামলা এবং একটি মাছঘাটের ড্রয়ার ভেঙে নগদ ২৬ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান চেয়ারম্যানের ছোট ছেলে আপ্পান হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, দীপঙ্কর দাস দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম হাং হিসাব-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। ভুক্তভোগীর দাবি, পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয়। হামলার একপর্যায়ে মাছঘাটের সিন্দুকের ড্রয়ার ভেঙে সেখানে থাকা নগদ ২৬ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।
এছাড়া স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, জংলার খাল এলাকার মাছঘাটে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে মাছঘাট বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আম পান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বাবা মান্নান চেয়ারম্যান জীবিত থাকাকালে হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম হাং আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মাছ চুরির ঘটনায় একটি চাঁদাবাজির মামলা করেছিলেন। আজ আমি শুধু একটি মাছ কিনে দিয়েছি। আমি কারও কাছে চাঁদা দাবি করিনি এবং হামলা বা লুটপাটের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজারুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন