ভোলায় ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ মা
ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দনের তেতুলিয়া নদী থেকে জিসান (১৭) নামের এক বাকপ্রতিবন্ধীকে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন তার মা জেসমিন বেগম (৩৮)। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেসমিন বেগম ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে নদীতে নৌকা নিয়ে ঘোরার সময় অসাবধানতাবশত নদীতে পরে যান জেসমিন বেগমের বাকপ্রতিবন্ধী ছেলে জিসান। পরে তার মা দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন। এসময় তিনি নদীর স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয় কৃষকরা দেখতে পেয়ে দ্রুত জিসান উদ্ধার করলেও নিখোঁজ হন তার মা। পরে তারা খোঁজাখুজি করে না পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেসমিন বেগমের সন্ধান পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান, ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নদীর স্রোত অনেক বেশি থাকায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন