টিপু সুলতান : জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামি এক বিশাল গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা শহরের কাবিল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইনের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে জেলার প্রতিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন। মিছিলকারীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, দাঁড়িপাল্লা প্রতীক, শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধসহ অন্যান্য নিহতদের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।
মিছিল শেষে কাবিল মসজিদের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। এই জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। এ অর্জন রক্ষা করতে সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।”
তিনি আরও বলেন, জুলাইয়ে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। যারা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন, তাদের চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা রাষ্ট্রকে করতেই হবে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। তা না হলে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।”
নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আমরা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন চাই। একটি ভোটও যেন নষ্ট না হয়, সেই নিশ্চয়তা চাই। বিতর্কিত কেউ যদি ‘জুলাই সনদ’-এর বিরুদ্ধাচরণ করে, তবে তা মেনে নেওয়া হবে না যদি তারা নির্বাচিত সরকার হয়।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, যারা দেশে চাঁদাবাজি, নির্যাতন ও ফ্যাসিবাদের রাজনীতি করছে, তাদের জন্য আরেকটি জুলাই বিপ্লব অপেক্ষা করছে। স্বৈরাচারী যে রূপেই আসুক না কেন, জনগণ তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন-অর-রশীদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, বায়তুল মাল সম্পাদক বেলাতে হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির রুহুল আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা ‘জুলাই বিপ্লব’কে দেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন বাঁক হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন