মো কামরুল হোসেন সুমন মনপুরাঃ
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ভোলা জেলার মনপুরা উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড রিজিরখাল থেকে পশ্চিমের বেড়ীবাঁধ পর্যন্ত এলাকার গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি। স্থানীয় জনগণের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি বর্তমানে অসংখ্য গর্ত, কাঁদা ও জলাবদ্ধতার কারণে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়, ফলে পথচারী, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারোও মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বার বার ইউএনও বরাবর আবেদন করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বলে জানা যায়।
একজন স্থানীয় আলেম হাফেজ মাওলানা নাহিদ হাসান শাহীন বলেন, “আমরা বহুবার আবেদন করেছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত রাস্তার কোনো সংস্কার কাজ শুরু হয়নি। মনে হচ্ছে আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।”এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক।অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, জনগণের মৌলিক যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তারা অবিলম্বে রাস্তা পুন:নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর একটাই প্রশ্ন— বারবার আবেদন করারপরও এই দুর্ভোগের শেষ কবে হবে তা জানেন না তারা?
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন