লালমোহন সংবাদ দাতা।।
ভোলার লালমোহনে শুল্কফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৩ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত লালমোহন থানাধীন গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহজনক দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩০ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং প্রায় ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় অসাধু ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য প্রদানকারী: লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত, মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
|
১ সেপ্টেম্বর, ২০২৬