চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান ( ১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বেলা বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের আন্ত: শ্রেণী ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে বিদ্যালয়ের বিপরীত পাশে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ও চরফ্যাশন বারের আইনজীবী এডভোকেট শিহাব মাহমুদের ছেলে।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয় এর আন্ত:শ্রেণী ফুটবল প্রতিযোগিতা চলছিল। ফুটবল খেলার পরে লাবিব মাহমুদ খান তার বন্ধুদের নিয়ে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আমরা শোকাহত এবং লাবিবের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এদিকে নিহত লাবিবের বাবা তার ছেলের খবর পেয়ে কোর্ট থেকে দৌড়ে এসে ডাক বাংলার পুকুরে তার ছেলের এমন পরিস্থিতি দেখে তিনি বেহুশ হয়ে পরেন। এ ঘটনায় লাবিবের পরিবারে চলছে শোকের মাতম।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পানিতে ডুবির খবর পেয়ে আমি সাথে সাথে ডাকবাংলোর পুকুরের পাড়ে অবস্থান নেই। আমার সম্মুখেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।