ডেস্ক রিপোর্ট।।
ভোলা সদর উপজেলার উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তাকি (১৩) ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা মাইনুল ইসলাম জুয়েল একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামে। তবে তারা ভোলা পৌরসভার উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বাসার একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে তাকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ভোলা সদর মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানিরুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে, এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন