নিউজ ডেস্ক।। ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খন্দকারবাড়ি প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি এম. ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম নাজিম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রাথী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু জাহান কবির, ইউনিয়ন আমির মাষ্টার মনির হোসেন, মাওলানা শামসুল আলম ও ওলামা বিভাগের সভাপতি ও ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মাওলানা মুহিবুর বহুমান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের দল। এই দল কোনো ব্যক্তির বিধান নয়, বরং আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন করে। আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলে সমাজে প্রকৃত শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে জনগণের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। ৬০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের দায়িত্ব সরকার বহন করবে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত শ্রমিকদের পূর্ণ দায়িত্ব সরকার নেবে। ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় স্থায়ীভাবে ভোলা জেলাকে নদীভাঙন থেকে রক্ষা করা হবে ইনশাআল্লাহ।
সম্মেলনে দলের লক্ষ্য, অঙ্গীকার ও আগামী দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীরা স্থানীয় উন্নয়ন, সামাজিক কল্যাণ ও দলের নীতি-নৈতিকতা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। শেষে উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকার শপথ নেন এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন